মোঃ আকরাম হোসেন: ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আর সাঈদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো মানুষের এগিয়ে যাওয়ার পথে স্থায়ী বাধা হতে পারে না। যথাযথ সহযোগিতা, সহমর্মিতা ও আধুনিক সুযোগ-সুবিধা পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম।
তিনি বলেন, সাদাছড়ি কেবল একটি লাঠি নয়; এটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস ও স্বাধীনভাবে চলাচলের প্রতীক। তাঁদের জীবনমান উন্নয়নে সরকার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় অন্যান্য বক্তা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও গণপরিসরে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান। তাঁরা নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আর সাঈদ উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৫/১০/২০২৬