মেহেরপুরে ব্যবসায়িক অংশীদারের করা প্রতারণা ও চেক ডিজঅনার মামলায় উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজনিন রেহেনা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মিজারুলের ছেলে।
আদালতের রায়ের আদেশে বলা হয়েছে, বিধি অনুযায়ী জরিমানার অর্থ আদায়ের পর চেকে উল্লেখিত ৩০ লাখ টাকা পাবেন মামলার বাদী। একই সঙ্গে আসামি উজ্জ্বল হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সেলিম রেজা কল্লোল। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মো. বুলবুল। তিনি আদালত ও রায় প্রদানকারী বিচারক নাজনিন রেহেনার প্রতি কৃতজ্ঞতা জানান।
বুলবুল বলেন, “চেক ডিজঅনারের এ মামলাটি করায় আমাকে অনেক হয়রানি করা হয়েছিল। মামলা প্রত্যাহারের জন্য আমাকে বারবার হুমকিও দেওয়া হয়েছিল। অবশেষে আজ আমি ন্যায়বিচার পেলাম।”
সানা/আপ্র/১৩/১০/২০২৬