‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
সভায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন শর্মা এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধি সাব্বির হোসেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা সবচেয়ে জরুরি। নিজ নিজ ঘর থেকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সহনশীল পরিবেশ গড়ে তুলতে পারলে জাতীয় পর্যায়েও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতার বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজ পরিচালনা করা যায়, মহড়ায় তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৪/১০/২০২৬