ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় তিনি প্রতিটি প্রেসক্লাবকে এক লাখ টাকা করে নগদ অনুদান দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সাংবাদিকেরা যাতে নির্ভয়ে ও স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
গতকাল শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পাবনার চাটমোহর উপজেলা পরিষদ হলরুমে তিন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।
সভায় তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও সভায় অংশ নেন।
সানা/আপ্র/১১/১০/২০২৬