এস এ খান শিল্টু, মেহেরপুর: ‘ডেঙ্গু নয়, প্রতিরোধই প্রধান। সচেতন হোন, সুস্থ থাকুন’ এবং ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ, গড়বো আমরা’ - এ দুটি স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে জনসচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটের সদস্য এবং ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যেই দেশব্যাপী এ বিশেষ অভিযান শুরু হয়েছে। জাতীয় কর্মসূচির আওতায় ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শনিবার বিশেষভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পৌরসভাগুলো নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। জাতীয় এ অভিযান সফল করতে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের জেলা ও উপজেলা প্রশাসনও স্থানীয় পর্যায়ে কর্মসূচিতে যুক্ত হয়। সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সানা/কেএমএএ/আপ্র/১২/৯/২০২৬