সাতক্ষীরায় ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের বিশেষ বাহিনী শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশেও দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাইপাস সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে বিক্রির অভিযোগ ওঠে।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সূত্র আরো জানায়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা করতেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার অভিযান চালানো হয় এবং তাদের কাছ থেকে কোরেক্স সিরাপ উদ্ধারের পর গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, ডিবির গোয়েন্দা বিভাগ কোরেক্সসহ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে বলে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে তাঁকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অভিযুক্তরা পুলিশ সদস্য হলেও ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৮/৯/২০২৬