পাবনার আটঘরিয়া উপজেলায় ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদম আলীর বয়স ৬০ বছর। তিনি একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে। পুলিশের ভাষ্য, তিনি নিষিদ্ধ ‘চরমপন্থি’ দলের সক্রিয় সদস্য ছিলেন।
একদন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন জানান, আদম আলী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একদন্ত বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডিপাশা গ্রামে আহমেদ আলীর বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একদল লোক তার পথরোধ করে গুলি চালায়।
গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হক বলেন, নিষিদ্ধ চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আদম আলীর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।
ওসি আরো জানান, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ষাটগাছা গ্রামের এক নারীকে ধর্ষণের পর হত্যার মামলায় আদম আলী প্রধান আসামি ছিলেন।
পাবনা জেলা পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে জোর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
সানা/ডিসি/আপ্র/৭/৯/২০২৬