কুমিল্লা সংবাদদাতা: নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মুন্সেফ বাড়ির মনির টাওয়ারের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু উপস্থিত ছিলেন।
নবগঠিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহ মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা ও এর ইতিহাস সম্পর্কে জানাতে হবে। বাংলা ভাষা কত রূপ, কত রস ও কত নান্দনিক সৌন্দর্যে মোড়ানো, তা আগামী প্রজন্মকে জানাতে হবে।
তিনি বলেন, ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত শুধু ভাষার ইতিহাস নন, বাংলাদেশের ইতিহাসেরও এক জ্বলন্ত নক্ষত্র। তার আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভাষাকে আধুনিক প্রজন্মের কাছে পৌঁছে দিতে কুমিল্লায় ভাষা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সেখানে ভাষার ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক বই থাকবে। পাশাপাশি এই পাঠাগার থেকে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মনিরুল হক চৌধুরী আরো বলেন, তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অবহেলিত বাড়িটিকে ইতিহাসের সাক্ষী হিসেবে সংরক্ষণ করতে চান। তাই ওই বাড়িতেই পাঠাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়া হবে এবং সরকারও এ ব্যাপারে তৎপর থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহ মোহাম্মদ সেলিম বলেন, ১৯৪৮ সালের পর ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। অথচ তিনিই প্রথম পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন।
তিনি বলেন, ‘আমরা ধীরেন্দ্রনাথ দত্তকে হারিয়ে যেতে দেব না। তিনি বাংলাদেশের ইতিহাসের অংশ। তিনি বাংলা ভাষা ও ইতিহাসেরও অংশ।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মুজাহিদ চৌধুরী, শ্যামল কৃষ্ণ সাহা, অধ্যক্ষ তাপস বকসী, মাহবুবুল আলম চপল, অধ্যক্ষ বিধান চন্দ, আতিক সেলিম রুবেল, সুব্রত চৌধুরী তপু, ড. জে এন লিলি, বীর মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন বাবুল, অধ্যক্ষ ইমদাদুল হক পলাশ, নারী নেত্রী শাহানা হক, শেখ ফরিদ আহমেদ, অচিন্ত দাস টিটু, অধ্যাপক রাহুল তারুন, বীর মুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার প্রমুখ।
সানা/ডিসি/আপ্র/৬/৯/২০২৬