তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন। আমি শুধু স্বপ্নের মধ্যে থাকতে চাই না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি থেকে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ হাতে নিয়েছি এবং কাজ শুরু করেছি। মাত্র ছয় মাস হয়েছে। ছয় মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়। এটা বিরোধী দলের বুঝতে হবে। ছয় মাসের মাথায় তাঁরা লং মার্চ করবেন—এটা কীভাবে হয়?’
তিনি বলেন, ‘আমরা ফটোসেশন কিংবা ফটোশোর রাজনীতি করি না।’
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সামাজিক কাজের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। কারণ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্যই হলো মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। গত ১৭ বছরের প্রভাবশালী ব্যক্তিরা এখনো কলকাঠি নাড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কৃষক দলের মোস্তাফিজুর রহমান সোহেলসহ অনেকে।
সানা/আপ্র/৪/৯/২০২৬