তারেক মাহমুদ: লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি পাড়তে রাজি না হওয়ায় রিশাদ (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রিশাদ লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফতু ব্যাপারি বাড়ির সাহেদ হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার মিলনের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, রুবেল মাদকাসক্ত। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তিনি রিশাদকে সুপারি পাড়তে বলেন। এতে রিশাদ অস্বীকৃতি জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ছুরি দিয়ে রিশাদের পেটে একাধিকবার আঘাত করেন তিনি।
গুরুতর আহত রিশাদকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে স্বজনেরা জানান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শামীম আফজাল বলেন, ‘রিশাদ নামে এক শিশুকে জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক আঘাত রয়েছে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ ফারবেজ বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
সানা/আপ্র/৩০/৮/২০২৬