তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আরো বেশি সচেতন ও সতর্ক হতে হবে। তার দাবি, আশপাশের দেশ থেকে মাদক দেশে ঢুকিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘আমাদের এ দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদকটা এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভাবমূর্তি, অর্জন এবং মেধাকে ধ্বংস করার জন্য তারা চক্রান্তে লিপ্ত। সেজন্য আমাদের তরুণ সমাজকে আরো বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে।’
শিক্ষার গুরুত্ব তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুরে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভার আশপাশে ১০০ থেকে ১৫০ একর জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হবে। এর ফলে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা বাড়ির কাছেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। তিনি বলেন, সবার পক্ষে ঢাকায় গিয়ে পড়াশোনা করা সম্ভব নয়। তাই স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬