দিনাজপুরের নবাবগঞ্জে সরকার উৎখাত, রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিকসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি করেন।
এজাহারে ১ নম্বর আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিকের নাম উল্লেখ করা হয়েছে। তার বয়স ৪৪ বছর। মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থানার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর পাহাড়পুর আদিবাসী পাড়ায় ব্যানেটিক মুর্মুর (৮৮) বসতবাড়ির সামনে এবং গির্জা-সংলগ্ন পাঠানগঞ্জ-ডাংশরঘাটগামী পাকা সড়কে কয়েকজন ব্যক্তি সমবেত হন।
পুলিশের এজাহারে অভিযোগ করা হয়েছে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে সেখানে মশাল মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেফতার করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রাজ ইসলাম (২২) ও মো. মাসুদ রানা (২১)। রাজ ইসলামের বাবার নাম মৃত বাদশা আলম। তার বাড়ি নবাবগঞ্জের বিনোদনগর দীঘিপাড়ায়। মাসুদ রানার বাবার নাম মৃত হাবিবুর ইসলাম। তার বাড়ি বিনোদনগর গার্লস স্কুল-সংলগ্ন এলাকায়।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে একটি ব্যানার, ১৩টি বাঁশের তৈরি মশাল, দুটি ধারালো হাঁসুয়া, চারটি লোহার রড এবং ৪৬টি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।
এজাহারে জব্দ করা ব্যানারটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ ৩ ফুট উল্লেখ করা হয়েছে। মশালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩ ফুট, হাঁসুয়াগুলোর বাটসহ দৈর্ঘ্য ১৭ ইঞ্চি এবং লোহার রডগুলোর দৈর্ঘ্য ৫ ফুট বলে উল্লেখ রয়েছে।
নবাবগঞ্জ থানায় দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারভুক্ত পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে মামলায় অভিযুক্ত সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ অন্য আসামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬