শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখা। শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়।
নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আল আহমাদীর নেতৃত্বে আয়োজিত মিছিলে প্রধান অতিথি ছিলেন ইমামুত ত্বরিকত হযরত শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)-এর দৌহিত্র, লেখক ও গবেষক শায়খ মো. মাসুক আল আহমাদী। বিশেষ অতিথি ছিলেন নেদায়ে ইসলামের সদস্য শায়খ মোহাম্মদ মীর মুদ্দাসসির আল আহমাদী।
মিছিলটি দক্ষিণ আউচপাড়ার বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুরু হয়ে চেরাগ আলী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সুরতরঙ্গ রোড হয়ে পুনরায় বেপারী বাড়ী মসজিদে গিয়ে শেষ হয়। পরে দরুদ, মিলাদ ও কিয়ামের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
মিছিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জাতীয় পতাকার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় লেখা বিভিন্ন বাণীসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আরবি হরফে কালেমা লেখা পতাকা ও বিভিন্ন সাজসজ্জায় মিছিলটি বর্ণিল হয়ে ওঠে।
পরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান, মান, রহমত, বরকত ও কল্যাণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নবীপ্রেম, মানবতা, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ মুজিবুর রহমান বেপারী, অর্থ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ মনিরুজ্জামান, সেক্রেটারি আলহাজ শামীম বেপারী চিশতি এবং নেদায়ে ইসলামের সেবক কালিমুল্লাহ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
মিছিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। পুরো আয়োজনজুড়ে শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় আবেগের পরিবেশ ছিল।
সানা/আপ্র/২৮/৮/২০২৬