রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাতে একই বাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬০) তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে প্রিয়ম চক্রবর্তী (২৮) এবং মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৪)।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর লাশ পাওয়া যায় বাড়ির ছাদের সিঁড়িতে। ছেলে প্রিয়মের লাশ ছিল একটি বিছানার নিচে। আর গণপতি চক্রবর্তীর লাশ পাওয়া যায় ছাদের এক প্রান্তে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাড়ির ভেতরে লাশ পচে যাওয়ার তীব্র গন্ধ পায়। বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মেঝেতে কাপড়চোপড় ও গয়নার বাক্স পড়ে থাকতে দেখা যায়।
একই পরিবারের চার সদস্যের এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশগুলোর ময়নাতদন্তসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তদন্তের পরই চারজনের মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সানা/আপ্র/২৩/৮/২০২৬