জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বাদ্যযন্ত্রের তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরা হয়।
সানা/আপ্র/১৬/৮/২০২৬