একেএম ফজলুল হক: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মিরসরাইয়ের কয়েক হাজার মানুষ ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের সভাপতি মো. মাহফুজুল হক মনি। প্রধান অতিথি ছিলেন মিরসরাই থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মহিলা আসন-৪৩-এর সংসদ সদস্য শামসুন্নাহার বেগম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ও অনুষ্ঠানের সদস্যসচিব ইঞ্জিনিয়ার হামিদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, মিরসরাই এসোসিয়েশন মিরসরাইবাসীর প্রাণের সংগঠন। দল-মত ও রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মিরসরাইবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নুরুল আমিন বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মিরসরাইয়ের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য মিরসরাইবাসীর সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথি সংসদ সদস্য শামসুন্নাহার বেগম এসোসিয়েশনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। ভবিষ্যতে মিরসরাইবাসীর কল্যাণে সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দাতা ও পৃষ্ঠপোষক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা বক্তব্য দেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন ও সংসদ সদস্য শামসুন্নাহার বেগমকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি নবাগত দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদেরও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাপনী বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি মো. মাহফুজুল হক মনি সদস্য, অতিথি, দাতা ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের ঐক্য ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও মিরসরাইবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পুনর্মিলনী উপলক্ষে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী চট্টগ্রামের বিখ্যাত মেজবান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লোজ আপ ওয়ানের জনপ্রিয় শিল্পী সাব্বিরসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের কয়েক হাজার সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের মধ্য দিয়ে রাত দেড়টার দিকে অনুষ্ঠান শেষ হয়।
সানা/আপ্র/১৫/৮/২০২৬