মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বোমাসদৃশ বক্স দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট) সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে এসব বক্স উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, সেগুলো কোনো বোমা নয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। সেটিকে বোমাসদৃশ মনে হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
পরে সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামিয়ে পানিভর্তি একটি বালতিতে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বক্সটি খুলে দেখা যায়, সেটি সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র।
এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরো দুটি একই ধরনের বস্তু রাখার খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করে পুলিশ।
স্থানীয় পথচারীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে থাকা বক্স থেকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ বক্সটি নামিয়ে নেয়।
পরে উদ্ধার করা তিনটি বক্সই থানায় নিয়ে যাওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো কোনো বোমাসদৃশ বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এসি/আপ্র/১৫/০৮/২০২৬