আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ টমাস ডুলি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই প্রধান কোচ দল থেকে বাদ দিয়েছেন মোট ছয়জন খেলোয়াড়কে।
রোমানিয়ার চতুর্থ স্তরের দল সিএস টুরুল মিকুলাতে খেলা ইয়াসার তাহমিদ এবং ইতালির সেরি ডি’র দল সারনেসে খেলা দেবাজিৎ সরকারকে এই মুহূর্তে জাতীয় দলের জন্য উপযুক্ত মনে করেননি ডুলি। এছাড়াও বাদ পড়েছেন তাজ উদ্দিন, ইসা ফয়সাল, সৈয়দ কাজেম শাহ কিরমানি এবং রাব্বী হোসেন রাহুল। বর্তমানে ক্যাম্পের দলে রয়েছেন মোট ২৮ জন খেলোয়াড়।
উল্লেখযোগ্য বিষয়, হামজা চৌধুরী ও শোমিত সোমদের মতো একাধিক প্রবাসী ফুটবলারই বর্তমানে নেই এই ক্যাম্পে। নিজেদের ক্লাবের ছাড়পত্র পাওয়ার পর ফিফা উইন্ডোর সময় তারা যোগ দেবেন দলের সঙ্গে।
এদিকে বুধবার প্রকাশিত হয়েছে ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দলকে নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) অনুষ্ঠিতব্য আসিয়ান কাপের সূচি। প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে।
পরদিনই মালয়েশিয়ার (ফিফা র্যাঙ্কিং ১৩৬) মুখোমুখি হবে বাংলাদেশ (র্যাঙ্কিং ১৮১)। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের (র্যাঙ্কিং ১৪৮) বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার (র্যাঙ্কিং ১১৮) মুখোমুখি হবে তারা আগামী ১ অক্টোবর।
সূচি অনুযায়ী প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়, আর শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ডিসি/আপ্র/১০/০৯/২০২৬