ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেসারদের দাপট অব্যাহত। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে একই ম্যাচে খেলছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। প্রথম দিনেই বল হাতে আলো ছড়িয়েছেন দুজনই।
দুই উইকেট করে নিয়েছেন হাসান ও খালেদ। ম্যাচটি খালেদ আহমেদের জন্য বিশেষ। কেন্টের জার্সিতে এটিই তার কাউন্টি অভিষেক। অভিষেকেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই বাংলাদেশি পেসার। ডার্বিশায়ারের ওয়েইন ম্যাডসেনকে ২৯ রানে ফিরিয়ে দেওয়ার আগে মোহাম্মদ নাঈমকেও সাজঘরে পাঠান খালেদ।
অন্যদিকে, কেন্টের হয়ে এরই মধ্যে নিজের জায়গা করে নেওয়া হাসান মাহমুদও শুরু করেছেন দুর্দান্তভাবে।
ডার্বিশায়ারের ইনিংসে শুরুতেই জোড়া আঘাত হেনে চাপ তৈরি করেন বাংলাদেশের এই পেসার।
৮ ওভার শেষে তার বোলিং ফিগার ২ উইকেটে ১৫ রান। বাংলাদেশি দুই পেসারের বোলিংয়ে প্রথম সেশনে বেশ চাপে পড়ে গেছে ডার্বিশায়ার। ২৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৮৯ রান, ৪ উইকেট। চার উইকেটের মধ্যে দুটি এসেছে হাসানের হাত ধরে, দুটি খালেদের। এর আগে কেন্টের হয়ে হাসান নিজের অভিষেক মৌসুমে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন।
সর্বশেষ উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে সাত উইকেট নিয়ে কেন্টকে জয় এনে দিয়েছিলেন তিনি। এবার তার সঙ্গে যোগ হয়েছে আরেক বাংলাদেশি পেসার খালে। প্রথম ম্যাচেই দুজনের এমন পারফরম্যান্সে কাউন্টিতে বাংলাদেশের পেস-শক্তির আরেকটি দারুণ বিজ্ঞাপন দেখা গেল।
ডিসি/আপ্র/০৮/০৯/২০২৬