ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। প্রথম টেস্টের ফলকে অঘটন হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশ পাঁচ দিনই ভালো ক্রিকেট খেলেছে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তাই দ্বিতীয় টেস্টে নিজেদের সেরা ক্রিকেট খেলেই সিরিজে সমতা ফেরাতে চান তিনি।
ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে প্রথম ম্যাচের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কামিন্স বাংলাদেশের প্রাপ্য জয় হিসেবেই দেখেছেন।
তিনি বলেন, ‘আসলে যদি খুব ভালো খেলেও যদি হেরে যান তখন হয়তো অনেক কিছু চিন্তা করবেন। তবে আমার মনে হয়, আমরা নিজেদের সেরা খেলাটার ধারেকাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা ডিজার্ভ করে। আমরা নিজেদের আগে ভালো খেলার ঘটনাগুলো মনে করছি। এই সিরিজের প্রস্তুতি অনেক ভালো ছিল। সবাই ভালো ছন্দে ছিল। সেটাই এখন ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয় নয়। ২০১৭ সালেও বাংলাদেশের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া। তবে সেই হারের পর ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা এবারও কাজে লাগাতে চান কামিন্স।
অজি অধিনায়ক বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা বাউন্স ব্যাক করেছি। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জই আমাদের নিতে হবে।’
প্রথম টেস্টে নিজেদের পারফরম্যান্সে যে অস্ট্রেলিয়া সন্তুষ্ট নয়, সেটিও স্পষ্ট করেছেন কামিন্স। একই সঙ্গে বাংলাদেশকে ভালো দল হিসেবেও স্বীকৃতি দিয়েছেন তিনি। তার ভাষায়, ‘তবে আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আইডিয়াল (ফল) নয়, তবে চেষ্টা করব বেশি ম্যাচ জেতার।’
ম্যাকাইয়ে এসে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে সন্তুষ্ট কামিন্স। এই ভেন্যুতে ভবিষ্যতে আরো ম্যাচ খেলার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে নতুন করে ম্যাচ যোগ করা সহজ নয় বলে মনে করেন অজি অধিনায়ক। কামিন্স বলেন, ‘শিডিউলে নতুন ম্যাচ রাখা কঠিন। তবে অবশ্যই আমি এখানে আসতে চাইব। এখানের সুযোগ-সুবিধা, অনুশীলনের সুযোগ-সুবিধা, ট্রেনিং সবকিছুই দারুণ ছিল। আমার মনে হয় শহরের বাইরের যারা ক্রিকেট পছন্দ করেন তারা এখানে আসতে পারেন।’
সানা/আপ্র/২২/৮/২০২৬