ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়া আক্তার (৫০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ডালিয়া কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে শুক্রবার সকালে ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ডালিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ডালিয়া তাঁর দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি সেখানে একাই থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ডালিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অপরাধ তদন্ত ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
সানা/আপ্র/২৩/১০/২০২৬