কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি সংকটসহ সরকারের সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দলের গণসংযোগ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বিরোধী দল ও আওয়ামী লীগ একসঙ্গে সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও আন্দোলন করছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাহিদ বলেন, সরকারপ্রধানের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং নিজের দায় অন্যের ওপর চাপানোর শামিল।
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা দেখেছি সরকার ও বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোট ব্যাংক কাছে টানার জন্য তারা মিথ্যা মামলা দিয়েছে, মামলা বাণিজ্য করেছে এবং ব্ল্যাকমেইল করেছে।”
নাহিদ ইসলামের অভিযোগ, এখনো আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে একধরনের সমঝোতার ভিত্তিতে দেশ চালানো হচ্ছে। গঙ্গা চুক্তি নবায়নের বিষয়েও সরকার স্পষ্ট অবস্থান জানাতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন নয়, পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
দুই মন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দাবি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী গত সাত মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি আইনশৃঙ্খলা ঠিক না রেখে সংবিধান কাটাছেঁড়া করতে ব্যস্ত। ফলে সালাউদ্দিন আহমেদের এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই।”
জ্বালানিমন্ত্রীও কোনো কার্যকর উদ্যোগ নিতে পারেননি অভিযোগ করে মন্ত্রিপরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি।
এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, সাইবার আইনের সংশোধনী প্রস্তাব বাতিল এবং গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনের মতো ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিলের দাবি জানান এনসিপি আহ্বায়ক।
২০২৪ সালের ৫ আগস্টের পর শুরু হওয়া জুলাই গণহত্যা ও খুনের বিচার দ্রুত শেষ করা এবং জুলাই যোদ্ধা, শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের ওপর হামলা বন্ধ করে বিচার নিশ্চিত করার দাবিও তোলেন তিনি।
এসব দাবিতে আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভের ঘোষণা দেন নাহিদ ইসলাম।
দুর্গাপূজা শান্তিপূর্ণ হওয়ায় সরকারের কৃতিত্ব নেই: সদ্য সমাপ্ত দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হওয়ায় হিন্দু-মুসলিমসহ সব শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানান নাহিদ। তবে এ ক্ষেত্রে সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার শিক্ষার্থীরা পাহারা দিয়ে পূজা উদ্যাপনে সহযোগিতা করেছেন।
মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের কেনাকাটার ক্ষমতা অর্ধেকেরও নিচে নেমে গেছে দাবি করে তিনি বলেন, বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যরা বারবার দাম না বাড়ার কথা বলেছেন। অথচ আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ানো হয়েছে। সরকারের এ বিষয়ে সঠিক পরিকল্পনা নেই বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ বলেন, “এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ ছাড়া জনগণের অধিকার আদায় হবে না।”
পুনর্গঠিত এনসিপির কমিটি: এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম বিস্তারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের পর নতুন অনেকে দলে যুক্ত হওয়ায় দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন হয়েছে। পরে গণতান্ত্রিক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
২০২৫ সালের ১ মার্চ গঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি শুক্রবার সকালে পুনর্গঠন করা হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে কারওয়ান বাজারে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নাহিদ ইসলাম।
দলের সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্য নেতারা।
সানা/আপ্র/২৩/১০/২০২৬