গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেনু

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, পদত্যাগের ঘোষণা ইশরাকের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২০ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৭ এএম ২০২৬
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, পদত্যাগের ঘোষণা ইশরাকের
ছবি

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেণ্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল রোববার তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়। আজ সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে ইশরাক হোসেন লেখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের সিদ্ধান্তের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সমালোচকদের উদ্দেশে ইশরাক লেখেন, “ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।”

তিনি আরো লেখেন, “এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।”

পোস্টের শেষাংশে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”

শনিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ভিডিওতে তাঁকে গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র ছিল। ভিডিওতে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।

ভিডিওর একাংশে ইশরাককে বলতে শোনা যায়, “এই ধর ধর ধর...”। তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, “একেবারে গুলি করে দেব।” তবে গুলি করার হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অভিযানে ইশরাকের ব্যক্তিগতভাবে নিয়োগ করা দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন। ভিডিওর একটি অংশে তাঁর হাতে থাকা পিস্তলের ছবি অস্পষ্ট করা হলেও অন্য অংশে অস্ত্রটি স্পষ্ট দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর একজন প্রতিমন্ত্রী এভাবে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালার ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন ও ব্যবহার করা গেলেও অন্যের মনে ভয় বা বিরক্তির সৃষ্টি হতে পারে, এমনভাবে অস্ত্র প্রদর্শন করা যাবে না।

ইশরাক অবশ্য এর আগে দাবি করেছিলেন, মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পুলিশ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে কর্মসূচিটি নেওয়া হয়েছিল। নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। অভিযানে ছয়জনকে আটক এবং মাদকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলেও তিনি দাবি করেন।

তদন্ত করছে পুলিশ
অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। রোববার ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ওয়ারী বিভাগের উপকমিশনারকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইনের ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে বলা হয়, সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁকে ডেকে এ নির্দেশ দেন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনেও এ বিষয়ে খবর প্রচারিত হয়।

তবে রোববার রাতেই এক অডিও বার্তায় ইশরাক এ খবরকে গুজব বলে দাবি করেন। তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাও এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে খবর প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানানো হয় এবং অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। তবে সোমবার সকালে ইশরাক নিজেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।্


এর আগে পদত্যাগ করেন সংসদ সদস্য মিষ্টি
ইশরাকের ঘটনার আগে বিতর্কিত কর্মকাণ্ডে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম আসার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত স্থানীয় বিএনপি ও যুবদলের কয়েকজনের নাম আলোচনায় আসে। যদিও হামলা-ভাঙচুরে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিলেন মিষ্টি।

প্রায় দুইশ ব্যক্তি দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে ঢুকে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে। পাকা ভবনের আলট্রাসাউন্ড কক্ষ, টিকা কক্ষ ও পরীক্ষাগারসহ পাঁচটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। হামলাকারীরা আসবাবপত্র, ওষুধসামগ্রী, আলট্রাসোনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, মুদ্রণযন্ত্র, ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও আলমারিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় বলে রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ। তাদের হিসাবে, ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার পর গত ১ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।

মিষ্টির পদত্যাগের আড়াই সপ্তাহের মধ্যে এবার অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া নিয়ে বিতর্কের জেরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা সামনে এলো। দুটি ঘটনাই দল ও সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
সানা/আপ্র/১৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে কুমারী পূজা উদযাপন
১৯ অক্টোবর ২০২৬

রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানে কুমারী পূজা উদযাপন

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মঠ ও মিশনে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্...

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী
১৯ অক্টোবর ২০২৬

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দে...

মহাষ্টমীতে ঢাকেশ্বরীতে বিহিত পূজা, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা
১৯ অক্টোবর ২০২৬

মহাষ্টমীতে ঢাকেশ্বরীতে বিহিত পূজা, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে দিনভর পূজা-অর্চনা, অঞ্জলি ও ধর্মীয় আনুষ...

ভালো কাজের সবচেয়ে বড় শক্তি মানুষের প্রতি আন্তরিক ইচ্ছা: তারেক রহমান
১৯ অক্টোবর ২০২৬

ভালো কাজের সবচেয়ে বড় শক্তি মানুষের প্রতি আন্তরিক ইচ্ছা: তারেক রহমান

দেশের মানুষের মুখে হাসি ফোটানোই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে