ভারত থেকে আমদানি করা ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানে ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন দিয়ে বগিগুলো দেশে প্রবেশ করে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বগিগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করা হবে।
গত সোমবার ভারতের পাঞ্জাবের কাপুরথালা এলাকা থেকে বগিগুলোর যাত্রা শুরু হয়। পরে সেগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দর্শনার জয়ন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা বগিগুলো বুঝে নেন।
রেলকোচগুলো লাল-সবুজ রঙে সাজানো হয়েছে। প্রথম চালানে রয়েছে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ, এসি বাথ, চারটি লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ারকোচ।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বগিগুলো সৈয়দপুর রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এগুলো রেলের বহরে যুক্ত হবে।
বাংলাদেশ সরকার ২০২৪ সালের মে মাসে প্রকল্পের আওতায় ব্রডগেজ রেলকোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে চুক্তি করে। প্রতিষ্ঠানটি থেকে কয়েক ধাপে মোট ২০০টি কোচ সংগ্রহ করা হবে। নতুন কোচ যুক্ত হলে বাংলাদেশ রেলওয়ের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ভারত থেকে শুক্রবার ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি বাংলাদেশে প্রবেশ করেছে। বগিগুলো বিভিন্ন শ্রেণির। যাত্রীসেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬