দেশের সব মোটরসাইকেলের সামনের দিকে নির্ধারিত মাপ ও শর্ত অনুযায়ী ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে মালিকদের। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুটার মোটরসাইকেলের সামনের দিকে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট সংযোজন করতে হবে। প্লেটে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা ব্যবহার করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি মোটরসাইকেলের সামনের দিকে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে বিআরটিএর বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত মাপ ও শর্ত অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মালিকদের অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬