রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ জাকারিয়া (৩২) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত জাকারিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলিতে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিব বলেন, গুলিতে হতাহতের ঘটনায় তারা কাজ শুরু করেছেন।
আহত জাকারিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, উত্তর ধলপুরের সরদার গলিতে ৬ থেকে ৭ জন হেলমেট পরিহিত ব্যক্তি এসে ‘ইমরান দৌড় দিবি না’ বলে এক যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় তার হাত ও পায়ে গুলি লাগে।
পরে গুলিবিদ্ধ অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ইমরানের মাথায় গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। জাকারিয়ার বাঁ পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার বলেন, ধলপুরের সরদার গলিতে তার স্বামীর রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। রোববার রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত ৭ থেকে ৮ জন ব্যক্তি চারটি মোটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ইমরান ও জাকারিয়া দুজনই গুলিবিদ্ধ হন।
সানা/আপ্র/৭/৯/২০২৬