জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন গঠিত ১০টি কমিটির একটিতেও সভাপতির দায়িত্ব পাননি বিরোধী দলের কোনো সংসদ সদস্য।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আলাদাভাবে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে গয়েশ্বর চন্দ্র রায়ের জায়গায় লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করা হয়েছে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদ সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত ৩৬টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩০টি মন্ত্রণালয় সম্পর্কিত।
সংসদ সম্পর্কিত গঠিত ছয়টি কমিটির মধ্যে শুধু সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিরোধী দলের একজন সদস্য।
এর আগে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদে ১০টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। পরদিন সংসদ অধিবেশনে আসনের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ পাওয়ার দাবি তোলেন বিরোধী দলের সদস্যরা। এ নিয়ে সেদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে বিতর্কও হয়।
কোন কমিটিতে কে সভাপতি
রোববার গঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আব্দুস সালাম পিন্টুকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবুল খায়ের ভূঁইয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মুন্সী রফিকুল আলম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম সেলিম রেজা হাবিবকে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শামছুর রহমান শিমুল বিশ্বাস।
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন জয়নুল আবদিন ফারুক।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল কবির খোকনকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মাহমুদা হাবীবা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বরকত উল্লাহ বুলুকে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন আবদুল ওয়াদুদ ভূঁঞা।
সানা/আপ্র/৭/৯/২০২৬