বর্ষার স্যাঁতসেঁতে ও আর্দ্র আবহাওয়ায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সমস্যা বাড়তে পারে। এ সময় শরীর দুর্বলও হয়ে পড়ে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি কিছু উষ্ণ বা পুষ্টিকর পানীয় শরীরকে আরাম দিতে এবং গলাব্যথা বা ঠান্ডাজনিত অস্বস্তি সাময়িকভাবে কমাতে সহায়তা করতে পারে।
জেনে নিন এমন তিনটি পানীয় তৈরির পদ্ধতি—
সকালে তুলসী-আমলকির পানীয়
দিনের শুরুতে এই পানীয়টি খেতে পারেন। তৈরি করতে লাগবে—
৪ থেকে ৬টি তুলসীপাতা
সামান্য পুদিনাপাতা, চাইলে
অর্ধেক আমলকি অথবা এক চা-চামচ লেবুর রস
এক টুকরো আদা অথবা সামান্য কাঁচা হলুদ
এক চিমটি বিটনুন
দেড় কাপ পানি অথবা ডাবের পানি
সব উপকরণ একসঙ্গে ভালোভাবে বেটে নিন। এরপর ছেঁকে পান করতে পারেন।
সন্ধ্যায় হলুদ-দুধ
সন্ধ্যায় শরীরকে আরাম দিতে গরম দুধের এই পানীয় তৈরি করতে পারেন।
প্রথমে কাঁচা হলুদ কুচি করে নিন। এরপর এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে দিন। এর সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া ও এক চিমটি গোলমরিচ যোগ করুন।
গলাব্যথায় আদা-হলুদের পানীয়
আদা, কাঁচা হলুদ ও গোলমরিচ একসঙ্গে বেটে রস তৈরি করুন। এরপর সেই রস বরফ তৈরির পাত্রে রেখে জমিয়ে নিন।
গলাব্যথা হলে একটি বরফকুচি কাপে নিয়ে তার ওপর ফুটানো গরম পানি ঢেলে দিন। কিছুটা ঠান্ডা হলে ধীরে ধীরে পান করুন। প্রয়োজন অনুযায়ী দিনে দুই থেকে তিনবার পান করা যেতে পারে।
বর্ষায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সময় এসব পানীয় কিছুটা আরাম দিতে পারে। তবে এগুলো কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়। জ্বর বা অন্য কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, তীব্র হলে বা শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
এসি/আপ্র/১৯/০৮/২০২৬