পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল এলাকায় একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, সাধারণ নাগরিক এবং হামলাকারীও রয়েছেন।
রোববার (২ আগস্ট) সংঘটিত এ হামলার তথ্য নিশ্চিত করে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হুসেইন জানান, নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য, আটজন সাধারণ মানুষ এবং একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় ওই এলাকায় পুলিশের সমর্থনে স্থানীয় বাসিন্দাদের একটি সমাবেশ চলছিল। তবে হামলার লক্ষ্যবস্তু ওই সমাবেশ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই হামলায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।
হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। পাকিস্তান সরকার এসব হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে এলেও কাবুলের তালেবান প্রশাসন বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/০৩/০৮/২০২৬