ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, প্রশিক্ষণ চলাকালে নিয়োগপ্রাপ্তদের লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সংবাদমাধ্যম রয়টার্সের যাচাই করা ভিডিওতে আহত ব্যক্তিদের পাশাপাশি মাটিতে ছড়িয়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখা গেছে।
চলতি মাসে হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। বাব আল-মান্দেব প্রণালির কাছে তারা কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে। অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় হুথিবিরোধী বাহিনীর সর্বশেষ বড় নগর ঘাঁটি তাইজ অবরোধ করে রেখেছে হুথিরা।
ইয়েমেনের এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক উত্তেজনার অংশ হয়ে উঠেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশটি সংঘাতের আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর মধ্যে সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।
সানা/আপ্র/২১/১০/২০২৬