ভারত ও চীনের ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় স্বার্থের’ কথা উল্লেখ করে নির্বাহী আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ট্রাম্প ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের একটি বিলে স্বাক্ষর করেছিলেন। এই আইনের আওতায় রাশিয়ার তেল কেনা শীর্ষ পাঁচ দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানি করা পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। এ সময়সীমা ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
তবে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার এক দিন আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন।
এই স্থগিতাদেশ সাময়িক। ট্রাম্প চাইলে পরবর্তী সময়ে আবারও শুল্ক আরোপ করতে পারবেন। ফলে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে আপাতত শতভাগ শুল্কের বোঝা থেকে রেহাই পেল ভারত।
জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ
এর আগে গত মাসে ভারত জানিয়েছিল, দেশটির ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত আরও বলেছিল, এ ধরনের শুল্ক আরোপ শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপরও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি রাশিয়ার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনকে কেন্দ্র করে কঠোর শুল্ক আরোপের আইন তৈরি করা হলেও সেটি প্রয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় যুক্তরাষ্ট্র তিন লাখ টন ডিজেল পাবে।
ডিজেল চুক্তির সমালোচনা জেলেনস্কির
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ডিজেল সরবরাহের এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি চুক্তিটিকে ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।
এর জবাবে ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি। এ কারণে এখন ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বা নেতা বেছে নেওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/১৭/১০/২০২৬