সংগীতজীবন ও সংসার—দুই দিক সামলাতে জীবনসঙ্গীর সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। এবার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সংসারজীবন ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। স্বামীকে পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেছেন শ্রেয়া।
সম্প্রতি ভারতের একটি অনুষ্ঠানে শ্রেয়া জানান, সংসারের অনেক কাজই নিজের দায়িত্বে সামলান শিলাদিত্য। এমনকি নিজের বাসন নিজেই ধুয়ে ফেলেন এবং রান্নাঘরও পরিষ্কার করেন। শ্রেয়া এসব কাজ করতে গেলে শিলাদিত্য নাকি বিরক্ত হন।
শ্রেয়া বলেন, দুজনেরই কর্মজীবন ব্যস্ত। তাই দিনের শেষে সংসারের কাজও তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন। একে অপরের কাছে সবসময় বাড়িতে থাকার প্রত্যাশাও নেই তাদের।
গায়িকার ভাষ্য, শিলাদিত্য কখনো তাকে প্রশ্ন করেননি কেন তিনি বাড়িতে নেই। কাজের কারণে মাসের পর মাস বাইরে থাকতে হলেও স্বামী বিষয়টি সহজভাবেই নিয়েছেন। প্রেমের সময় থেকেই শিলাদিত্য তার প্রতি বিশ্বাস ও নিরাপত্তার অনুভূতি তৈরি করেছেন বলেও জানান শ্রেয়া।
দাম্পত্য সম্পর্ক নিয়ে শ্রেয়া আরো বলেন, তাদের দুজনের মধ্যেই অহংবোধ নেই। চিন্তাভাবনাতেও বেশ মিল রয়েছে। পরিবারের বড়রাও বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন। তবে এখন তারা অনেকটাই নিরিবিলি জীবনযাপন করেন। সন্তানই বর্তমানে তাদের জীবনের কেন্দ্রবিন্দু।
স্কুলজীবন থেকেই শ্রেয়া ও শিলাদিত্যের পরিচয়। তখন থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরবর্তী সময়ে শ্রেয়ার সংগীতজীবন দ্রুত এগিয়ে যাওয়ার সময় তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। একই সময়ে প্রযুক্তি খাতে নিজের পেশাজীবন গড়ে তুলছিলেন শিলাদিত্য।
দীর্ঘ ১০ বছর নিজেদের সম্পর্ক গণমাধ্যমের আড়ালে রাখার পর ২০১৫ সালে বিয়ে করেন শ্রেয়া ও শিলাদিত্য। ২০২১ সালে তাদের সংসারে আসে ছেলে দেবযান।
বর্তমানে সন্তান ও পেশাজীবন—দুই দিকই সামলে এগিয়ে যাচ্ছেন শ্রেয়া। সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া স্বামী শিলাদিত্যকে পাশে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন জনপ্রিয় এই গায়িকা।
সূত্র: এনডিটিভি
এসি/আপ্র/০৭/০৯/২০২৬