‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন মন্দিরা চক্রবর্তী। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে গত প্রায় এক বছর বড়পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। এই বিরতিতে অবশ্য বসে নেই মন্দিরা।
নতুন দুটি সিনেমার জন্য নিজেকে তৈরি করছেন তিনি। সম্প্রতি নিজের কাজের ব্যস্ততা নিয়ে কথা বলতে গিয়ে মন্দিরা জানান, এখন শুটিংয়ের চেয়ে প্রস্তুতিতেই বেশি সময় দিচ্ছেন। তার হাতে থাকা দুটি সিনেমার মধ্যে একটির শুটিং চলতি বছর শুরু হওয়ার কথা।
এরই মধ্যে সেই সিনেমার রিহার্সাল চলছে। মন্দিরা বলেন, ‘আপাতত শুটিংয়ের ব্যস্ততা নেই। নিজেকে প্রস্তুত করার ব্যস্ততা রয়েছে। হাতে দুটি সিনেমা। একটির শুটিং চলতি বছর শুরু হবে। রিহার্সাল চলছে। নিজেকে প্রস্তুত করছি। আরেকটির কাজ একটু দেরিতে আরম্ভ হবে। সামনে বছর হওয়ার কথা।’
তবে নতুন সিনেমা দুটির বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চান না এই অভিনেত্রী।
নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গোপন রাখছেন তিনি। অভিনয়ের প্রস্তুতির ক্ষেত্রে নিজের পদ্ধতিতেও পরিবর্তন এনেছেন মন্দিরা। আগে নিয়মিত অভিনয় কর্মশালায় অংশ না নিলেও এখন প্রতি মাসেই ক্লাস করছেন।
ক্যামেরার সামনে অভিনয় আরও ভালোভাবে তুলে ধরতেই এই চর্চা বলে জানান তিনি। অভিনয়ের পাশাপাশি অবসর সময়ও নিজের মতো করে কাটান মন্দিরা।
বাসায় থাকতে পছন্দ করেন, সময় পেলেই বই পড়েন। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নৌকাডুবি’ পড়েছেন তিনি। তবে কবিগুরুর লেখার মধ্যে ‘চোখের বালি’ তাকে সবচেয়ে বেশি টানে।
এদিকে দেশের নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন মন্দিরা। নিয়মিত নারীর প্রতি সহিংসতার খবর তাকে ভাবায়। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে বের হতেও অনেক সময় ভয় লাগে বলে জানান তিনি। তার মতে, ক্ষমতায় যে-ই থাকুক, সাধারণ মানুষ ও নারীদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া জরুরি।
সামাজিক মাধ্যমে নারী শিল্পীদের নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের বিষয়েও নিজের অবস্থান জানিয়েছেন মন্দিরা। এসব মন্তব্যকে এখন আর খুব একটা গুরুত্ব দেন না তিনি। বরং তার কাছে মানুষের মন্তব্যের মধ্য দিয়ে তাদের মানসিকতা ও ব্যক্তিত্বও প্রকাশ পায়।
পূজার সময় কীভাবে কাটাবেন, সে বিষয়েও এখনো কোনো পরিকল্পনা করেননি মন্দিরা। তার ভাষ্য, কোনো কিছু আগেভাগে পরিকল্পনা করার চেয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। আপাতত তার মনোযোগ নতুন সিনেমার চরিত্র এবং সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার দিকেই।
ডিসি/আপ্র/০২/০৯/২০২৬