বয়স ৬১ ছুঁলেও অভিনয়ে অনন্য পরীক্ষা-নিরীক্ষা থামেনি বলিউড সুপারস্টার আমির খানের। আসন্ন নতুন সিনেমার জন্য পর্দায় মাত্র পঁচিশ বছরের এক তরুণের চরিত্রে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। নিজের শারীরিক রূপান্তর ও মেধা দিয়ে চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে এখন কঠোর কসরত চালাচ্ছেন তিনি।
আশুতোষ গোয়ারিকর পরিচালিত নতুন সিনেমা ‘লালকারা’র জন্য বড় ধরনের শারীরিক পরিবর্তনের পথে হাঁটছেন আমির। চরিত্রের বয়স ও নির্দিষ্ট শারীরিক গড়ন ফুটিয়ে তুলতে ওজন কমানোর পাশাপাশি কঠোর খাদ্যনিয়ন্ত্রণ ও শরীরচর্চায় ব্যস্ত সময় পার করছেন তিনি। ভারতীয় ক্রিকেট ও দেশভাগের ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হচ্ছে এই সিনেমা।
এতে কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের ভূমিকায় অভিনয় করবেন আমির। ভারতের স্বাধীনতার পর দেশটির প্রথম টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করা অমরনাথের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসবে এই চলচ্চিত্রের মূল গল্পে।
সিনেমার কাহিনীতে লালা অমরনাথের তরুণ বয়সের সময়কালও ফুটিয়ে তোলা হবে। চরিত্রের সেই রূপটি নিখুঁত ও বিশ্বাসযোগ্য করতে নিজের চেহারায় আমূল পরিবর্তন আনছেন অভিনেতা। উল্লেখ্য, চরিত্রের প্রয়োজনে রূপ বদলানোর জন্য বলিউডে আমির খানের সুনাম দীর্ঘদিনের।
এর আগে ‘দঙ্গল’ সিনেমায় মহাবীর সিং ফোগাটের বয়স্ক চরিত্র ফুটিয়ে তুলতে প্রায় সাতাশ কেজি ওজন বাড়িয়ে নিরানব্বই কেজিতে পৌঁছান তিনি।
আবার একই চলচ্চিত্রের যুবকের রূপ দেখাতে মাত্র পাঁচ মাসে সেই বাড়তি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এছাড়া ‘লাল সিং চাড্ডা’ ও ‘গজনি’র মতো চলচ্চিত্রেও চরিত্রের প্রয়োজনে আমিরের এমন শারীরিক রূপান্তর তুমুল প্রশংসিত হয়েছিল। নিখুঁত অভিনয়ের প্রতি এই অদম্য জেদের কারণেই তাকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
‘লালকারা’ সিনেমার হাত ধরে দীর্ঘ বিরতির পর ফের পরিচালক আশুতোষ গোয়ারিকরের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। এর আগে ২০০১ সালে এই সফল জুটি উপহার দিয়েছিল ঐতিহাসিক প্রেক্ষাপট ও ক্রিকেটভিত্তিক অস্কার মনোনীত চলচ্চিত্র ‘লগান’।
নতুন এই সিনেমাটিও ক্রিকেটকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে, যার সঙ্গে যুক্ত হয়েছে দেশভাগ ও স্বাধীনতা-পরবর্তী ভারতের আবেগঘন ইতিহাস। সব মিলিয়ে লালা অমরনাথের বর্ণাঢ্য জীবনের পাশাপাশি ৬১ বছর বয়সে আমির খান কীভাবে নিজেকে পঁচিশ বছরের তরুণের অবয়বে ফুটিয়ে তোলেন, সেটাই এখন দর্শকদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ডিসি/আপ্র/২৩/০৮/২০২৬