ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পরবর্তী চলচ্চিত্র ‘দেশু ৭’-এর দৃশ্যধারণ শেষ হয়েছে। দেশটির লাদাখে শেষ হয় তা।
এরপর এক ব্যতিক্রমী ভিডিও তৈরি করেন এই তারকা জুটি। মূলত, বহুদিন আগের ব্যবসাসফল চলচ্চিত্র ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নেচেছেন তারা। যা দর্শকদের নিয়ে গেছে সেই পুরোনো দিনে, করেছে নস্টালজিয়া।
সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন শুভশ্রী। তাতে উল্লেখ করেন এক বার্তা। লেখেন, ‘কৃতজ্ঞতা, গর্ব ও কিছুটা আবেগে ভরা হৃদয় নিয়ে আমরা ‘দেশু ৭’-এর শুটিং শেষের ঘোষণা দিচ্ছি।
যারা এই সিনেমায় নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে সিনেমাটি নিয়ে আমাদের মূল যাত্রা কেবল শুরু হলো।
এই পূজায় দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!’ ভিডিওতে দেখা যায়, একটি খোলা রাস্তায় দাঁড়িয়ে ‘রোমিও’-এর সুপারহিট গান ‘কবে আইবে আমার পালা রে’-এর তালে নাচছেন দেব শুভশ্রী ও আরও কিছু পার্শ্বশিল্পীরা।
আবহে লাদাখের সৌন্দর্যও দৃশ্যমান। এরপর ড্রোন রাইজ শট দিয়ে শেষ করা হয় ভিডিও, দেওয়া হয় আসন্ন সিনেমা দেশু-৭ এর অ্যানাউন্সমেন্ট।
তবে ভিডিওটি দেখার পর, বিশেষ করে এই জুটির সেই গান ও নাচের স্টেপ দেখে কমেন্ট বক্সে দর্শকেরা তাদের শৈশব ও সোনালী স্মৃতির কথা তুলে ধরে আবেগ প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “এই নস্টালজিক অতীত পুনরুজ্জীবিত”। আরেকজনের মন্তব্য, “চাইল্ডহুড ইমোশন”।
আরও এক নেটিজেনের মন্তব্য, “উফ, সেরা সেরা। পুরোনো দিনে ফিরে গেলাম”। ভিডিওটি প্রকাশ পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৪১ হাজারেরও বেশি রিঅ্যাকশন এবং বিপুলসংখ্যক মন্তব্য জমা পড়েছে। উল্লেখ্য, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দেব।
সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনা সামলাচ্ছেন তিনি। বহু বছর পর পর্দায় দেব-শুভশ্রীর নতুন এই রসায়ন দেখতে মুখিয়ে আছেন বাংলা সিনেমার দর্শকেরা।
ডিসি/আপ্র/২০/০৮/২০২৬