সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় অনেকেই সরাসরি রিয়াদে যাওয়ার পরিবর্তে মদিনাগামী ফ্লাইটে টিকিট পরিবর্তন করে সৌদি আরব যাচ্ছেন। মদিনা থেকে সড়কপথে রিয়াদ পৌঁছাতে লাগছে ১২ থেকে ১৪ ঘণ্টা। এর সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত যাতায়াত ব্যয় ও পথে ভোগান্তি। সব মিলিয়ে জনপ্রতি অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবু ভিসার মেয়াদ ফুরিয়ে আসায় ঝুঁকি ও বাড়তি খরচ মেনেই যাত্রা করছেন তাঁরা।
নোয়াখালী সদরের মামুন সৌদি আরবের রিয়াদে একটি কোম্পানির লরি চালান। পাঁচ বছরের প্রবাসজীবনে দুই মাস আগে প্রথমবারের মতো দেশে এসেছিলেন তিনি। গত ১১ অক্টোবর তাঁর রিয়াদে ফেরার ফ্লাইট ছিল। সেটি বাতিল হওয়ার পর ১২ অক্টোবরের জন্যও টিকিট করেছিলেন। দ্বিতীয় ফ্লাইটটিও বাতিল হয়ে যায়। হাতে মাত্র পাঁচ দিন ভিসার মেয়াদ থাকায় দুশ্চিন্তায় পড়েন তিনি। অবশেষে ১৫ অক্টোবর মদিনাগামী ফ্লাইটের টিকিট পান।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে মামুন বলেন, “ভিসার মেয়াদ শেষ। যেতেও পারছি না। অনেক টেনশনে ছিলাম। অবশেষে মদিনা হয়ে যেতে পারছি।”
তিনি বলেন, অনেক হয়রানির শিকার হতে হয়েছে। এখন মদিনায় গিয়ে আরেক ভোগান্তির মুখে পড়তে হবে। সেখান থেকে বাসে রিয়াদ যেতে ১২ থেকে ১৪ ঘণ্টা লাগবে। এতে অতিরিক্ত খরচও হবে। কিন্তু তাঁদের কিছু করার নেই, যেতেই হবে। তাই বাড়তি টাকা ও ঝুঁকি মেনেই যাত্রা করছেন। এ জন্য সবার কাছে দোয়া চান তিনি।
একই ধরনের ভোগান্তির কথা জানান মানিকগঞ্জের পারভেজ। তিনি বলেন, একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তাঁরা হয়রানির শিকার হয়েছেন। একসময় মনে হচ্ছিল, আর যাওয়া সম্ভব হবে না। শেষ পর্যন্ত মদিনা হয়ে যেতে হচ্ছে।
পারভেজ বলেন, তাঁর ভিসার মেয়াদ আর সাত দিনের মতো আছে। আবার কোনো সমস্যা হলে বিপদ বাড়তে পারে, সেই আশঙ্কায় এখনই যাত্রা করছেন। আতঙ্ক থাকলেও তাঁদের কিছু করার নেই।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলামিন বলেন, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল হয়েছে। কবে আবার চালু হবে, তা কেউ জানেন না। ভিসার মেয়াদও শেষ হয়ে আসছে। বাধ্য হয়ে মদিনা হয়ে রিয়াদ যেতে হচ্ছে। মদিনা থেকে রিয়াদ পৌঁছাতে প্রায় ১৪ ঘণ্টা লাগবে। সরাসরি ফ্লাইট চালু থাকলে এই ভোগান্তি পোহাতে হতো না। জীবন বাঁচাতে ও কর্মস্থলে ফিরতে এ ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।
বিমানবন্দরে সরেজমিনে দেখা যায়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকা প্রবাসীদের অনেকে টিকিট পরিবর্তন করে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন। মদিনাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময় বিকেল ৩টা ৫৫ মিনিট হওয়ায় যাত্রীরা দুপুর ১২টার মধ্যেই বিমানবন্দরে উপস্থিত হন। ফ্লাইটে ওঠার সুযোগ পাওয়ায় তাঁদের মুখে দুশ্চিন্তার পাশাপাশি স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়।
যাত্রীরা জানান, টিকিট পরিবর্তন করতে গ্রাম থেকে বারবার বিমানবন্দরে আসা এবং মদিনা থেকে রিয়াদ যাওয়ার খরচ মিলিয়ে অতিরিক্ত ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। তারপরও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি আরবে ফিরতে পারায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনা ঘটে। এরপর দাম্মাম বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে। এসব ঘটনার পর বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার, ১৪ অক্টোবর পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল হয়। এতে ১৫ হাজারের বেশি প্রবাসী আটকা পড়েন।
সানা/আপ্র/কেএমএএ/১৬/১০/২০২৬