খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, সুশৃঙ্খল ও বিতর্কমুক্তভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে প্রকৃত সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রণয়ন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অসঙ্গতি বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বক্তব্য দেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম উপস্থিত থেকে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নিয়ে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে সম্পূর্ণ স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, নিম্নআয়ের ও কর্মক্ষমতাহীন জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত দরিদ্র পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং কোনোভাবেই অযোগ্য বা সচ্ছল ব্যক্তিদের এ সুবিধার আওতায় না আনা। এ জন্য একটি স্বচ্ছ তথ্যভান্ডার তৈরির মাধ্যমে একটি পরিবারের জন্য একটি কার্ড নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে তারা ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, প্রকৃত সুবিধাভোগী নির্বাচন এবং মাঠপর্যায়ের বিভিন্ন বাস্তবতা তুলে ধরে গঠনমূলক পরামর্শ দেন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব মতামতকে স্বাগত জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মসজিদের ইমাম, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সানা/কেএমএএ/আপ্র/২৩/৭/২০২৬