ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে তাঁর মাদকাসক্ত ছেলে মো. উদ্দিন সরদার (৩০)। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে।
নিহত সূর্য বেগম লক্ষ্মীকোল গ্রামের অন্ধ লোকমান সরদারের স্ত্রী। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। একমাত্র ছেলে উদ্দিন মাদকাসক্ত হওয়ায় তাঁর স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে রেখে প্রায় তিন মাস আগে বাবার বাড়িতে চলে যান।
প্রতিবেশী ও ফরিদপুর থানার ওসি মঞ্জুরুল হাসান মাসুদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সূর্য বেগম রান্না করতে বসেন। এ সময় তাঁর ছেলে উদ্দিন বাড়িতে এসে মায়ের কাছে নেশার জন্য টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে হাতে থাকা ঘাস কাটার কাচি দিয়ে পেছন থেকে মায়ের গলায় আঘাত করেন।
সূর্য বেগমের গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে উদ্দিন পালিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সূর্য বেগম।
খবর পেয়ে ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উদ্দিনকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, মাকে হত্যার কথা স্বীকার করেছেন উদ্দিন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২১/১০/২০২৬