খুলনায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন।
প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা দীপঙ্কর মণ্ডলের সঞ্চালনায় প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কারি তাসের প্রকল্প ব্যবস্থাপক প্রভাস চন্দ্র বিশ্বাস, কুনিকা হালদার, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মমিনুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম ও সুবল কুমার ঘোষ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আশ্বাস প্রকল্প, মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, সাইবার পাচার, সিটি আইপি কর্মীদের ভূমিকা, সিটিসি কমিটি সম্পর্কে ধারণা, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, নেতৃত্বের ধারণা, মানসিক আঘাত-সচেতন যোগাযোগ এবং ভুক্তভোগী সহায়তা বিষয়ে ধারণা দেওয়া হয়।
এ সময় দলীয় কাজের মাধ্যমে স্থায়িত্ব পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্না প্রশিক্ষণের পর্যালোচনা করেন এবং দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।
সানা/আপ্র/৮/৯/২০২৬