তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০ বছর বয়সী আবু সিদ্দিক, তাঁর নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। স্থানীয়দের ধারণা, দাদা আবু সিদ্দিককে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তাঁর ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তাঁর মেয়ে সুমি আক্তারের সন্তান।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তাঁর দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর পানির ওপরে উঠে আসেননি। পরে নাতি পিয়াস ও নাতনি পপি পানিতে তাঁকে খুঁজতে নামলে তারাও ডুবে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, আবু সিদ্দিক পানিতে ডুব দেওয়ার পর সম্ভবত স্ট্রোক করেছিলেন। এ কারণে তিনি আর পানির ওপরে উঠতে পারেননি। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পিয়াস ও পপিও পানিতে ডুবে মারা যায় বলে স্থানীয়রা জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/৭/৯/২০২৬