আশরাফুল ইসলাম রাজন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রায় ৩৮ শতক পৈতৃক সম্পত্তি দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে বক্তব্য দেন মো. শফিক মিয়া।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাঁদের চাচাতো ভাই ও স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু দীর্ঘদিন ধরে ওই পৈতৃক সম্পত্তি দখলে রেখেছেন। তাঁরা জমিতে যেতে চাইলে ভয়ভীতি দেখানো ও বাধা দেওয়ারও অভিযোগ করেন।
পরিবারটির দাবি, সম্পত্তির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং আদালতের রায় তাঁদের পক্ষে রয়েছে। এসব নথির ভিত্তিতে দ্রুত পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করে তাঁদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
তবে অভিযোগের বিষয়ে মঞ্জুরুল হক মঞ্জুর বক্তব্য জানতে তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সানা/আপ্র/২৪/৮/২০২৬