যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টোলসা শহরে তিন হাজারের বেশি পুরোনো মডেলের গাড়ি নিয়ে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ঐতিহাসিক রুট সিক্সটি সিক্স সড়কের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে।
গত শনিবার (৩০ মে) টোলসা শহরের রুট সিক্সটি সিক্স সড়কে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেয় তিন হাজার ৫৯৬টি পুরোনো মডেলের গাড়ি। এর মধ্য দিয়ে আগের বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড স্থাপিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগের রেকর্ডের তুলনায় এবারের শোভাযাত্রায় এক হাজার ১০৫টি বেশি গাড়ি অংশ নেয়।
‘টোলসা রুট সিক্সটি সিক্স ক্যাপিটাল ক্রুজ: ক্ল্যাসিক কার সেন্টেনিয়াল প্যারেড’ নামের এ আয়োজন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রুট সিক্সটি সিক্স সড়কজুড়ে। সড়কটির ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
এদিন সড়কজুড়ে সারিবদ্ধভাবে চলতে থাকা শত শত বিরল ও পুরোনো মডেলের গাড়ি যেন এলাকাটিকে এক উন্মুক্ত জাদুঘরে পরিণত করে। শোভাযাত্রার মাধ্যমে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক এ সড়কের ঐতিহ্য ও উত্তরাধিকার উদ্যাপন করেন।
টোলসা শহরের মেয়র মনরো নিকোলস এক বিবৃতিতে বলেন, “আমি টোলসাকে নিয়ে অত্যন্ত গর্বিত এবং নতুন বিশ্বরেকর্ড গড়তে পেরে আনন্দিত। এটি ছিল প্রায় এক বছরব্যাপী প্রস্তুতি ও সমন্বিত প্রচেষ্টার ফল। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকে স্মরণ করিয়ে দেওয়া যে, টোলসাই রুট সিক্সটি সিক্সের রাজধানী এবং টোলসার মতো করে এমন আয়োজন অন্য কোনো শহর করতে পারে না।”
তিনি আরো বলেন, “আগামী একশ বছর ধরে যখনই কেউ রুট সিক্সটি সিক্সের শতবর্ষ উদ্যাপনের কথা স্মরণ করবে, তখন ওকলাহোমার টোলসার কথাও মনে করবে।”
শোভাযাত্রায় অংশগ্রহণকারী চালকেরা যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য থেকে এসেছিলেন। এছাড়া কানাডা ও ফ্রান্স থেকেও অনেকে এ আয়োজনে যোগ দেন। তথ্যসূত্র: ইউপিআই
সানা/আপ্র/৪/৬/২০২৬