শাহনেওয়াজ কবির ইমন
প্রবল বৃষ্টিতে তুমি হেঁটে যাও মাটির পথে,
প্রখর রোদে চলতে থাকো পিচঢালা পথে।
তারা ঝলমলে আকাশ দেখে বসো দুয়ারে,
কনকনে শীতে হাঁটো শিশিরভেজা ঘাসে।
তোমার খামখেয়ালিপনা ভীষণ অদ্ভুতুড়ে,
কোনো কিছুই যে সাধারণ নয় তোমার কাছে।
তোমার ভাবনায় খেলা করে প্রাচীন তটিনী
যে কোটি বছর ধরে বহতা প্রেমের মোহিনী।
তুমি কী তবে অর্ফিয়াসের সুরের ব্যঞ্জনা?
ভিসুভিয়াসের উত্তপ্ত দ্রোহের অগ্নিবীণা!
নাকি তুমি উলঙ্গ প্রেমের কবিতা, ভেনাস-
শতকোটি প্রেমিকের বলিদানের ফসল।
তবে জেনে রাখো, আমিও ইস্রাফিলের হুঙ্কার;
কোটি বছরের উত্তপ্ত লাভায় নির্মিত প্রস্তর।
আমি সেই শিলালিপি- যা অমরাবতীর জয়,
আমি সেই বিদীর্ণ চূর্ণ মরুঝড়ের মহাপ্রলয়।
আমি বিশ্বামিত্রের ভয়ঙ্কর তপস্যায় সৃষ্ট ভয়,
সেই ভয়েই কাড়বো তোমার সৃষ্ট উপসনালয়।
তোমার উদ্ধত জীবনের একক অচলায়তন,
নিমেষেই গ্রাস করে নেবে আমার একান্ত বলয়।
আজকের প্রত্যাশা/কেএমএএ

























